দেশের আবহাওয়া আরও কিছুদিন অস্থির থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে, যা দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করতে পারে। আগামী পাঁচ দিনে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়লেও, আংশিক মেঘলা আকাশ ও অস্থায়ী বৃষ্টি চলবে। বিশেষ করে খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় তারতম্য থাকতে পারে।
বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এত বলা হয়, আজ বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
এতে আরও বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
শুক্রবার (২৭ মার্চ) রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
শনিবার (২৮ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি কমতে পারে।
রোববার (২৯ মার্চ) ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনে দেশের অধিকাংশ স্থানে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


