ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

অর্থের অভাবে সমুদ্র সংরক্ষণে হিমশিম খাচ্ছে উন্নয়নশীল দেশগুলো

প্রতিবেদক
হাসান মাহমুদ
২২ নভেম্বর ২০২৬, ১০:২৮ সকাল

Link Copied!

বিশ্বের স্থল ও সমুদ্রের ৩০ শতাংশ ২০৩০ সালের মধ্যে সংরক্ষণের বৈশ্বিক লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও প্রতিশ্রুত অর্থায়ন না মেলায় সমুদ্র সংরক্ষণে চরম সংকটে পড়েছে উন্নয়নশীল দেশগুলো (গ্লোবাল সাউথ)। আর্মেনিয়ার ইয়েরেভানে সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন ‘কপ-১৭’-তে এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন উন্নয়নশীল দেশের মন্ত্রী ও মাঠপর্যায়ের সংরক্ষণকর্মীরা।

গত মাসে (অক্টোবর) ইয়েরেভানে দুই সপ্তাহব্যাপী কপ-১৭ সম্মেলনে ১৪০ জন মন্ত্রী এবং ৯ হাজারের বেশি প্রতিনিধি, গবেষক, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও আদিবাসী গোষ্ঠীর সদস্য অংশ নেন। চার বছর আগে কুনমিং-মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্কের আওতায় নেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করাই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনে আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরাও সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নিজেদের অর্থবহ অংশগ্রহণের দাবি জানান।

ডব্লিউডব্লিউএফ ও মেরিন কনজারভেশন ইনস্টিটিউটের অংশীদারিত্বে এবং ব্লুমবার্গের অর্থায়নে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত বিশ্বের মাত্র ১০ শতাংশ সমুদ্র সংরক্ষিত হয়েছে; আর বিশেষজ্ঞদের মতে এর মধ্যে কার্যকরভাবে সংরক্ষিত এলাকার পরিমাণ মাত্র ৩.৫ শতাংশ।

উন্নয়নশীল দেশের সংরক্ষণকর্মীরা জানান, কেবল অর্থায়নের অভাব নয়—সমুদ্র সংরক্ষণের পরিসর বাড়াতে প্রয়োজনীয় স্থানীয় সক্ষমতা এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞানেরও তীব্র ঘাটতি রয়েছে। ওইসিডি (অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট)-এর তথ্যমতে, ৩০ শতাংশ সংরক্ষণ লক্ষ্যমাত্রার চুক্তির সময় উন্নত দেশগুলো ২০২৫ সালের মধ্যে জীববৈচিত্র্য রক্ষায় বছরে অন্তত ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলার এবং ২০৩০ সালের মধ্যে ৩ হাজার কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ২০২৪ সালে (সর্বশেষ প্রাপ্ত তথ্য) তারা দিয়েছে ১ হাজার ৮৯০ কোটি ডলার। সমুদ্র সংরক্ষণের চিত্র আরও হতাশাজনক—২০১৮ সালের ওইসিডি তথ্যানুযায়ী, জীববৈচিত্র্যবিষয়ক দ্বিপক্ষীয় উন্নয়ন তহবিলের মাত্র ৪ শতাংশ এবং বহুপক্ষীয় তহবিলের ৯ শতাংশ সমুদ্র সংরক্ষণে ব্যয় হয়েছে।

জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলনে প্রথমবারের মতো স্থাপিত ‘ওশান প্যাভিলিয়ন’-এর বাইরে সেনেগালের পরিবেশমন্ত্রী আলিউ গোরি দিউফ জানান, তার দেশ বর্তমানে ৪ শতাংশেরও কম জলসীমা সংরক্ষণ করে এবং ২০৩০ সালের মধ্যে তা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি পশ্চিম আফ্রিকার দেশগুলো গভীর সমুদ্রে একটি সামুদ্রিক অভয়ারণ্য গড়ে তোলার প্রস্তাব তৈরি করছে। তবে উন্নত দেশগুলোর অর্থায়ন ছাড়া তা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আর আলোচনার প্রয়োজন নেই, অর্থায়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ দরকার।’

সিয়েরা লিওনের পরিবেশমন্ত্রী জিওহ আবদুল্লাই (যার দেশ ২ শতাংশেরও কম জলসীমা সংরক্ষণ করে) বলেন, প্রতিশ্রুত অর্থায়ন ও সক্ষমতা বৃদ্ধি করা গেলে স্থানীয় জনগোষ্ঠী টেকসই কৃষি ও মৎস্য আহরণ পদ্ধতিতে অভ্যস্ত হতে পারবে এবং উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষা করা সহজ হবে। উন্নত দেশগুলো পর্যাপ্ত অর্থায়নের বিষয়টি এড়িয়ে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো দেশ উন্নয়ন সহায়তা কমিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, জীববৈচিত্র্যে সবচেয়ে বড় দ্বিপক্ষীয় দাতা জার্মানি ২০২৭ সালের খসড়া বাজেটে উন্নয়ন সহায়তায় ৬ শতাংশ কমানোর প্রস্তাব দিলেও প্রতিরক্ষা ব্যয় প্রায় ৩৩ শতাংশ বাড়াতে যাচ্ছে।

মাঠপর্যায়ের সংকট তুলে ধরে রিওয়াইল্ডিং আর্জেন্টিনার সামুদ্রিক সংরক্ষণ পরিচালক মারিয়ানা কাসিনি জানান, আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের সমান বড় ৩ হাজার বর্গকিলোমিটারের প্যাটাগোনিয়া আজুল প্রাদেশিক উদ্যানটি হাম্পব্যাক তিমি, সাউথ আমেরিকান ফার সি লায়ন, ম্যাগেলানিক পেঙ্গুইন ও জায়ান্ট পেট্রেল পাখির গুরুত্বপূর্ণ আবাসস্থল। তিমি মাছ ধরার মতো আহরণমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকা এই উদ্যানটির সীমানা আরও ৩০ শতাংশ বাড়াতে চাইছেন। কিন্তু সরকারি বাজেট কমানো ও স্থানীয় দপ্তরের কর্মকর্তাদের উদাসীনতার কারণে তা আটকে আছে। ফলে উদ্যানটিকে ক্যাম্প সাইট ও ট্রেকিং পথসহ পর্যটনকেন্দ্রে রূপ দিয়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক গুরুত্ব প্রমাণের চেষ্টা করছেন তারা। কাসিনির ভাষায়, ‘অন্তত আর্জেন্টিনায় শুধু সংরক্ষণের প্রস্তাব নিয়ে গেলে তারা ফোনই ধরবে না।’

অন্যদিকে পশ্চিম আফ্রিকার বৃহত্তম সংরক্ষিত সামুদ্রিক অঞ্চল মৌরিতানিয়ার ‘বাঁক দ’আর্গুইন ন্যাশনাল পার্ক’ (যা দেশটির ৩.৭ শতাংশ জলসীমা রক্ষা করে এবং পরিযায়ী পাখিদের অন্যতম শীতকালীন আশ্রয়স্থল)-এর সংরক্ষণকর্মী এল-হাসেন মোহাম্মদ এল-হাসেন জানান, বাইরে থেকে আসা বিপুল প্লাস্টিক বর্জ্য ও পাশের স্বর্ণখনি থেকে আসা ভারী ধাতুর দূষণ মোকাবিলায় তাদের প্রয়োজনীয় অর্থ ও কারিগরি দক্ষতা নেই।

কপ-১৭-এর চূড়ান্ত নথিতে সমুদ্র ও উপকূলীয় বাস্তুতন্ত্র যে স্থলভাগের তুলনায় ধারাবাহিকভাবে কম গুরুত্ব পাচ্ছে, তা উদ্বেগের সঙ্গে স্বীকার করে সমুদ্র সংরক্ষণে পদক্ষেপ জোরদারের আহ্বান জানানো হয়েছে। ১২ ঘণ্টার সমাপনী অধিবেশনে দেশগুলো ভবিষ্যতে একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক স্থায়ী জীববৈচিত্র্য অর্থায়ন কাঠামো গঠনের মূলনীতিতে একমত হয়েছে। এতে ধনী উদীয়মান অর্থনীতিগুলোকেও স্বেচ্ছায় দাতা হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

চার বছর আগে কুনমিং-মন্ট্রিল কাঠামোর আলোচনায় বড় ভূমিকা রাখা কানাডার সাবেক পরিবেশমন্ত্রী স্টিভেন গিলবল্ট মনে করেন, এই বৈশ্বিক চুক্তি না থাকলে লক্ষ্যমাত্রা অর্জন আরও কঠিন হতো। সব জায়গায় সমান গতিতে বাস্তবায়ন না হলেও ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ সংরক্ষণের লক্ষ্য অর্জন এখনো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র : ডায়ালগ আর্থ।

Facebook Comments Box

আরও পড়ুন

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনা, আতঙ্কে বেড়িবাঁধের বাসিন্দারা

মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ৬ মাসের শিশুর

মিরসরাইয় হচ্ছে চীন-বাংলাদেশ যৌথ পানি শোধনাগার

অর্থের অভাবে সমুদ্র সংরক্ষণে হিমশিম খাচ্ছে উন্নয়নশীল দেশগুলো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে

২০২৬ সালে ভার্জিনিয়ায় হামে প্রথম শিশুমৃত্যু

যুদ্ধের ক্ষত না শুকাতেই শীতের আঘাত, বিপর্যস্ত গাজার বাস্তুচ্যুত মানুষ

চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার

টিকাদান কমায় বিশ্বজুড়ে ফিরছে হাম, ঝুঁকিতে লাখো শিশু

জলবায়ু সংকট মোকাবিলায় কতটা প্রস্তুত বিশ্ব? কপ-৩১-এর খসড়ায় যা আছে

জলবায়ু রক্ষার সম্মেলনেই বিপত্তি, চুক্তি থেকে বাদ পড়ল কয়লা-তেল-গ্যাস!

দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস