মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম—এই চারটি রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে।
সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় এ বিমান সংস্থা এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় এসব রুটে যাত্রী ও বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট আগামী ১০ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে এ দুই রুটে আবারও ফ্লাইট চালু করা হতে পারে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সব হালনাগাদ তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে অভ্যন্তরীণ যাত্রীরা ১৩৬৩৬ নম্বরে এবং আন্তর্জাতিক যাত্রীরা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


