মধ্যপ্রাচ্যের আকাশসীমা নিয়ে অস্থিরতা এবং এয়ারলাইন্সগুলোর শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত ১২ দিনে ঢাকা থেকে রেকর্ড ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে। আজকেও বাতিলের তালিকায় রয়েছে আরও ২৪টি ফ্লাইট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিয়মিত ফ্লাইট বাতিল হওয়ার তালিকায় সবচেয়ে বেশি রয়েছে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, এয়ার অ্যারাবিয়া এবং জাজিরা এয়ারওয়েজের মতো বড় এয়ারলাইন্সগুলো। এতে করে অনেক প্রবাসী সময়মতো কর্মস্থলে ফিরতে পারছেন না।
তবে এর মধ্যেই কিছু স্বস্তির খবরও আছে। কাতারে আটকে পড়া প্রবাসীদের কথা চিন্তা করে আগামী ১৩ ও ১৫ মার্চ দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে কাতার এয়ারওয়েজ। টিকিট পাওয়া যাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত ট্রাভেল এজেন্সিতে।
অন্যদিকে, মালদ্বীভিয়ান এয়ারলাইন্স আজ থেকে ঢাকা-মালে রুটে পুনরায় সরাসরি ফ্লাইট শুরু করেছে। সপ্তাহে প্রতি রবিবার ও বৃহস্পতিবার এই ফ্লাইটটি চলাচল করবে। এছাড়া, লন্ডন প্রবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও ডানা মেলছে।


