
হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে মারা গেছে ৯৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৯২ জন। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৫৭ জনের শরীরে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৩০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২০ হাজার ৭৩৮ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬০ হাজার ৯৮০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) হাম উপসর্গে সারাদেশে ছয় শিশুর মৃত্যু হয়। ওই দিন নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৩০৫ জন।