দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় এ অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হলেও বর্তমানে নদীগুলো প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
রোববার (১৫ মার্চ) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে। পাউবো জানায়, হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ভুগাই-কংস ও ধনু-বাউলাই নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, আগামী দুই দিনে উত্তর-পূর্বাঞ্চলের হাওরাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও নদীগুলো প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত থাকবে। তাই এই সময়ে বন্যার প্রবণতা কম থাকার আশা করা যাচ্ছে।
পাউবো ও আবহাওয়া অধিদফতর স্থানীয়দের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে।


