ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা

প্রতিবেদক
হাসান মাহমুদ
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ সকাল

Link Copied!

দেশে প্রতি বছর প্রায় ৪ হাজার নারী এমন অসুস্থতা বা সমস্যায় মারা যান যা সঠিক চিকিৎসা ও যত্নের মাধ্যমে সহজেই বাঁচানো সম্ভব ছিল। এই দুঃখজনক মৃত্যুগুলো যেন আর না ঘটে, সেজন্য সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি বদলে ফেলার উদ্যোগ নিয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মাতৃ ও নবজাতক মৃত্যুহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে মিডওয়াইফারি খাতের উন্নয়নে অঙ্গীকার করেছে সরকার।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে‘অঙ্গীকার থেকে কর্মপন্থা: প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতক মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি সংযুক্তি’- শিরনামে একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও সুইডেন সরকার এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে অংশ নেয়। তারা মিডওয়াইফদের শক্তিশালী করা এবং প্রজনন স্বাস্থ্যসেবা বাড়ানোর ওপর জোর দেয়। এই অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের জনবল বাড়াতে দেশে ধাপে ধাপে ২৫ হাজার নতুন মিডওয়াইফ পদ সৃষ্টির ঘোষণা দেয় বাংলাদেশ।

মাতৃমৃত্যুর বর্তমান চিত্র ও বাস্তবতার চ্যালেঞ্জ :
সরকারের এই অঙ্গীকারের পেছনে রয়েছে এক পরিসংখ্যানগত বাস্তবতা। বাংলাদেশে প্রতি বছর এখনও প্রায় সম্পূর্ণ প্রতিরোধযোগ্য কারণে প্রায় ৪ হাজার নারী মৃত্যুবরণ করেন। তবে বিগত দশকগুলোতে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতিও অর্জিত হয়েছে। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রতি ১ লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ছিল ৫৭৪ জন, যা ক্রমান্বয়ে কমে বর্তমানে ১৩৬ জনে নেমে এসেছে।

অবশ্য সামগ্রিক সূচকে অগ্রগতি হলেও গ্রামীণ জনপদে এবং প্রান্তিক পর্যায়ে চ্যালেঞ্জ পুরোপুরি কাটেনি। পরিসংখ্যান বলছে, দেশে এখনও প্রায় ৩০ শতাংশ প্রসব বাড়িতেই সম্পন্ন হয়ে থাকে, যা মা ও নবজাতকের জন্য অনেক সময় মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এছাড়া প্রাতিষ্ঠানিক সেবার মান বাড়ানোর কথা বলা হলেও দেশের ৬ হাজার ১২৫টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে মাত্র ২ হাজার ৫৫৭ জন মিডওয়াইফ কর্মরত রয়েছেন। এই স্বল্পসংখ্যক জনবল দিয়ে দেশের বিশাল জনগোষ্ঠীর কাঙ্খিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। আর এই শূন্যতা পূরণে ২৫ হাজার নতুন মিডওয়াইফ পদ সৃষ্টির সিদ্ধান্ত এক যুগান্তকারী মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ।

মিডওয়াইফদের কার্যকারিতা ও স্বাস্থ্যখাতে প্রভাব :
বিশেষজ্ঞদের মতে, মিডওয়াইফরা কেবল প্রসবকালীন সহায়তাই দেন না, বরং তারা প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল ভিত্তি। পরিসংখ্যান অনুযায়ী, অপরিহার্য যৌন, প্রজনন, মাতৃ, নবজাতক ও কিশোর-কিশোরী স্বাস্থ্য পরিষেবার প্রায় ৯০ শতাংশ পর্যন্ত মিডওয়াইফরা সফলভাবে প্রদান করতে পারেন। পাশাপাশি, সুসংহত ও প্রশিক্ষিত মিডওয়াইফারি সেবা নিশ্চিত করা গেলে প্রায় দুই-তৃতীয়াংশ পর্যন্ত মাতৃ ও নবজাতকের মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। সঠিক প্রশিক্ষণ, পর্যাপ্ত সম্পদ এবং কার্যকর রেফারেল সিস্টেমের আওতায় তাদের মাঠপর্যায়ে যুক্ত করা গেলে গ্রামীণ জনপদে মা ও শিশু মৃত্যুর হার নাটকীয়ভাবে কমিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠনে শীর্ষ নেতাদের উপস্থিতি ও বক্তব্য :
নিউ ইয়র্কে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের রূপরেখা তুলে ধরতে বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান, জিয়াউর রহমানের ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড এবং জাতিসংঘ ও সুশীল সমাজের উচ্চপদস্থ প্রতিনিধিরা।

দেশের স্বাস্থ্য খাতের রূপান্তরের রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশের প্রতিটি নারী যেন নিজ বাড়ির কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যসেবা দলের অংশ হিসেবে একজন দক্ষ পেশাদার মিডওয়াইফের সেবা পান, তা নিশ্চিত করতে হবে। এর জন্য দেশব্যাপী মিডওয়াইফদের পদায়ন, কমিউনিটি ও স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং একটি আধুনিক ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সংযুক্ত করার কাজ চলছে। এভাবেই আমরা অঙ্গীকারকে বাস্তবে রূপ দিচ্ছি।’

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড মিডওয়াইফদের অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘মিডওয়াইফদের পেছনে বিনিয়োগ মানে কেবল স্বাস্থ্যখাতে বিনিয়োগ নয়; এটি মর্যাদা, সমতা এবং আমাদের অভিন্ন ভবিষ্যতের বিনিয়োগ। মিডওয়াইফরা জীবন বাঁচান। তাই আসুন, এই খাতে আমাদের সম্মিলিত বিনিয়োগ অব্যাহত রাখি।’

ইউএনএফপিএ-এর নির্বাহী পরিচালক দিয়েনে কেইতা বাংলাদেশের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মীর মারাত্মক সংকটের এই সময়ে বাংলাদেশের এই সাহসী বিনিয়োগ মানবতা ও আগামী প্রজন্মের জন্য এক বিরাট অর্জন। যখন আমরা এই অগ্রভাগের বীরদের ক্ষমতায়িত ও উপযুক্ত করে তুলি, তখন প্রতিটি মা ও শিশুর জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পৃথিবী গড়ে ওঠে।’

বৈশ্বিক মিডওয়াইফারি অ্যাকিলারেটর উদ্যোগ :
প্রসঙ্গত, বাংলাদেশ বর্তমানে ইউএনএফপিএ মিডওয়াইফারি অ্যাকিলারেটর ইনিশিয়েটিভের অন্যতম চ্যাম্পিয়ন দেশ। বর্তমান এই উদ্যোগের আওতায় বাংলাদেশসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশ ২০৩০ সালের মধ্যে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সূচকে বড় ধরনের উন্নয়ন সাধনের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে।

নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও নিজেদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। সিয়েরা লিয়ন ঘোষণা দেয় যে তারা ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ৩ হাজার মিডওয়াইফ নিয়োগ করবে। অন্যদিকে, ইথিওপিয়া তাদের স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ব্যবস্থায় মিডওয়াইফদের ভূমিকা আরও জোরালো করার পরিকল্পনা উপস্থাপন করে। নেপাল জলবায়ু-সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেয়।

এছাড়াও যুক্তরাজ্য, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং লারডাল গ্লোবাল হেলথ-এর মতো উন্নয়নমূলক, জনহিতৈষী ও বেসরকারি খাতের অংশীদাররা বিশ্বব্যাপী মিডওয়াইফারি কভারেজ দ্রুত বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সামনে এগিয়ে যাওয়ার পথ :
সম্মেলনের শেষ পর্যায়ে নীতিগত ও আর্থিক সহায়তার মাধ্যমে মিডওয়াইফারি পেশাকে আরও টেকসই করার ওপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারী দেশ ও সংস্থাগুলো কিছু বিষয়ে একমত পোষণ করেন। এরমধ্যে- আইনি ও নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণের মাধ্যমে মিডওয়াইফদের কার্যপরিধি বাড়ানো। মানসম্মত শিক্ষা, নিরাপদ কর্মক্ষেত্র এবং সঠিক প্রণোদনার মাধ্যমে মিডওয়াইফদের পেশায় ধরে রাখা ও তাদের দক্ষতা বৃদ্ধি করা। মন্ত্রণালয়গুলোতে শক্তিশালী মিডওয়াইফ নেতৃত্ব প্রতিষ্ঠা করা এবং স্বাস্থ্য নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীদের কণ্ঠস্বর ও অংশগ্রহণ আরও জোরালো করা।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ সরকারের ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার এই মেলবন্ধন দেশের গ্রামীণ প্রান্তিক জনপদের মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রতিরোধযোগ্য মৃত্যু রোধে এই অঙ্গীকার এখন বাস্তবায়নের অপেক্ষায়।

Facebook Comments Box

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণে প্রস্তুতি জোরদার

স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা

লালমনিরহাটে অবৈধ বিড়ি তৈরির উপকরণ জব্দ

জলবায়ু বাস্তুচ্যুতি পেরিয়ে মুক্তার খামারে নতুন জীবনের স্বপ্ন

‘প্লাস্টিক দূষণ’ কেড়ে নিচ্ছে প্রকৃতির প্রাণশক্তি, হুমকিতে পৃথিবী

কাঁচাপাট রফতানিকারকদের ঋণ পুনঃতফসিলে সময় বাড়ল

সুপার এল নিনোর প্রভাবে বিশ্বে ৪ লাখ ৫১ হাজার মৃত্যুর শঙ্কা

দেবীদ্বারে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

Protect Young People’s Lungs from Tobacco and Nicotine Products