ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬

সুস্থ জনগোষ্ঠী গড়তে এক ছাতার নিচে ২২ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ । ৫৩ জন

রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে ডাব্লিউবিবি ট্রাস্টসহ ২২টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “কনফারেন্স অন হেলথ প্রমোশন–২০২৬” শীর্ষক একটি অনলাইন কনফারেন্স। জীবনাচার ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সুদৃঢ় সমাজ গঠনের মূল ভিত্তি হলো সুস্থ জনগোষ্ঠী। কিন্তু ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র—তিন পর্যায়েই বড় ধরনের চাপ সৃষ্টি করছে। ব্যয়বহুল চিকিৎসায় অনেক পরিবার তাদের সারা জীবনের সঞ্চয় হারাচ্ছে, যা জাতীয় অর্থনীতির জন্যও উদ্বেগজনক। এই বাস্তবতায় রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করাই হতে পারে দীর্ঘমেয়াদি টেকসই সমাধান।

এই লক্ষ্য ও কনফারেন্সের আলোচ্য বিষয়বস্তু তুলে ধরতে সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় ডাব্লিউবিবি ট্রাস্টের কৈবর্ত সভাকক্ষে একটি অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ডাব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং কর্মসূচি প্রধান সৈয়দা অনন্যা রহমানের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের সহযোগী অধ্যাপক পলাশ চন্দ্র বণিক।

এ সময় অনলাইনে যুক্ত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রয় এবং বাংলাদেশ তামাকবিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ। বক্তারা বলেন, স্বাস্থ্য উন্নয়নে চিকিৎসাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে গ্রহণ করা জরুরি।

আয়োজকরা আরও জানান, আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ ডাব্লিউবিবি ট্রাস্টের নেতৃত্বে ১৪টি সংগঠন ও ৮টি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে “কনফারেন্স অন হেলথ প্রমোশন–২০২৬” অনুষ্ঠিত হবে। এই কনফারেন্স থেকে জনস্বাস্থ্য উন্নয়নে কার্যকর নীতিগত ও আচরণগত পরিবর্তনের সুপারিশ উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।