ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ । ২৮ জন

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সংস্থাটি জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে আবহাওয়ায় অস্থিরতা বিরাজ করছে।

পূর্বাভাসে বলা হয়, আজ সিলেট বিভাগ–এর কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ–এর দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু’এক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিনও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২০ মার্চ) দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২১ মার্চ) দেশের সব বিভাগেই কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (২২ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, পরবর্তী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এ সময়ে বজ্রপাত ও ঝড়ো হাওয়ার ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।