ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

লঘুচাপের কারণে কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ । ৩৭ জন

লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিনে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং তাপমাত্রার ওঠানামা দেখা যেতে পারে।

রবিবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এতে আরও বলা হয়, আগামী ৩০ মার্চ (দ্বিতীয় দিন) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৩১ মার্চ (তৃতীয় দিন) সারাদেশে আবারও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

১ এপ্রিল (চতুর্থ দিন) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

২ এপ্রিল (পঞ্চম দিন) সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে পারে এবং সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।