যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সোমবার (২৩ ফেব্রুয়ারি) আঘাত হানা এক শক্তিশালী তুষারঝড় ও রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ চরম দুর্যোগের মুখে পড়েছেন এবং ৫৭০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের কিছু এলাকায় প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেন্টিমিটার) তুষার জমে ১৯৭৮ সালের রেকর্ড ভেঙে দিয়েছে। নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কেও ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে রাস্তা ও যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। পূর্ব উপকূলজুড়ে প্রায় ৬ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যার মধ্যে নিউজার্সি এবং ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরাপত্তার স্বার্থে রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ করা হয়েছে। ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি জানিয়েছেন, হোয়াইটআউট ও প্রবল তুষারঝড়ের কারণে রাস্তাঘাট অত্যন্ত বিপজ্জনক, তাই সবার ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।
আকাশপথেও তীব্র প্রভাব পড়েছে। নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ৯৮% ফ্লাইট এবং জেএফকে বিমানবন্দরে ৯১% ফ্লাইট বাতিল হয়েছে। বোস্টন ও ফিলাডেলফিয়াতেও প্রায় ৮০–৯২% ফ্লাইট বন্ধ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আরও প্রায় ২ হাজার ফ্লাইট বাতিল হতে পারে।


