ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

যুক্তরাষ্ট্রে তীব্র ঝড় ও টর্নেডো: নিহত অন্তত ৬, আহত বহু

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ । ৮২ জন

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে তীব্র ঝড় ও টর্নেডোর আঘাতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি সেবা কর্মীরা।

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার আঘাত হানা এই দুর্যোগে মিশিগান অঙ্গরাজ্যে চারজন এবং ওকলাহোমা অঙ্গরাজ্যে দুজন নিহত হয়েছেন। তীব্র ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে এবং অসংখ্য বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বাড়ির ছাদ উড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

ব্রাঞ্চ কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, ইউনিয়ন সিটির কাছে টর্নেডো আঘাত হানার পর তিনজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। ঝড়ের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং কয়েক দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া ইউনিয়ন সিটি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের ক্যাস কাউন্টিতেও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সেখানে কয়েকজন আহত হয়েছেন এবং ঘরবাড়ি, খামার ও বড় স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং শত শত মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

ক্যাস কাউন্টির শেরিফ ক্লিন্ট রোচ জানান, ১২ বছর বয়সী সাইলাস অ্যান্ডারসন নামে এক কিশোর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রাণ হারিয়েছে। মিশিগানের এডওয়ার্ডসবার্গ এলাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার মৃত্যু হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ইউনিয়ন সিটিতে টর্নেডোর ভয়াবহ তাণ্ডবের দৃশ্য দেখা গেছে। মিশিগানের থ্রি রিভার্স শহরে একটি গাড়ি পার্কিং এলাকায় ধ্বংসাবশেষ উড়ে যেতে দেখা যায়।

পরিস্থিতি মোকাবিলায় মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার ব্রাঞ্চ, ক্যাস ও সেন্ট জোসেফ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

অন্যদিকে, ওকলাহোমার ওকমালগি কাউন্টির ব্যবস্থাপক জেফ মুর জানিয়েছেন, টর্নেডোটি প্রায় ৬ দশমিক ৪ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এটি তুলসা শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে। ওকলাহোমার বেগস এলাকায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ওকলাহোমার গভর্নর কেভিন স্টিটি আলফালফা, ক্রিক, গ্রান্ট, মেজর, ওকমালগি, রজার্স, তুলসা ও ওয়াগনার কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এদিকে মার্কিন আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে, আগামী সপ্তাহজুড়ে তীব্র আবহাওয়া অব্যাহত থাকতে পারে। গ্রেট প্লেইনস অঞ্চল থেকে টেক্সাস পর্যন্ত বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।