ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৬, ৪:৩৯ বিকাল

Link Copied!

মৎস্য খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন। তবে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অর্থের অপচয় বন্ধে যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) মৎস্য অধিদপ্তর আয়োজিত ‘মৎস্য খাতে বাজেট ও সরকারের উন্নয়ন ভাবনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ এই পরিচয়ের সঙ্গে মৎস্য খাত গভীরভাবে যুক্ত। তবে প্রাকৃতিক জলাশয় সংকুচিত হওয়া ও পরিবেশগত পরিবর্তনসহ নানা কারণে দেশীয় মাছের প্রাপ্যতা কমেছে। তাই উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

মৎস্যসম্পদ সংরক্ষণে অভয়াশ্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু প্রকল্প গ্রহণ ও অর্থ ব্যয় করলেই হবে না, অভয়াশ্রম বাস্তবে কতটা কার্যকর হয়েছে, তা মাঠপর্যায়ে যাচাই করতে হবে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, মাছের প্রজনন ও বংশবিস্তারের সুযোগ তৈরি করাই অভয়াশ্রমের মূল উদ্দেশ্য। কোথায় কত টাকা ব্যয় হয়েছে, সেই অর্থে প্রকৃতপক্ষে কী কাজ হয়েছে এবং মাছের উৎপাদনে তার প্রভাব কতটা—এসব বিষয় নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন।

মৎস্যজীবীদের তালিকা প্রণয়নে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ভুয়া বা অযোগ্য ব্যক্তির নাম তালিকায় থাকলে প্রকৃত মৎস্যজীবীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাই স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাইয়ে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক জলসীমায় টুনা আহরণের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন দেশ আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিকভাবে টুনা আহরণ করছে। বাংলাদেশও এ সম্ভাবনা কাজে লাগাতে পারে। তবে শুধু জরিপ পরিচালনা ও অর্থ ব্যয় না করে জরিপের ফলাফল কীভাবে বাস্তব মৎস্য আহরণে কাজে লাগানো যায়, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা প্রয়োজন।

গভীর সমুদ্রের মৎস্যসম্পদ কাজে লাগাতে বাংলাদেশকে দক্ষ জনবল, উপযুক্ত জাহাজ ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি মৎস্য খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে হবে।

তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত খামার পরিদর্শন ও কার্যক্রম তদারকি করতে হবে। এতে দেশের মৎস্য খাত আরও এগিয়ে যাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মিঠাপানির মাছের উৎপাদন বাড়ানো, রপ্তানি সম্প্রসারণ এবং খাল-বিল, নদী-নালা ও অন্যান্য জলাশয়কে মৎস্য উৎপাদনের আওতায় আনার বিষয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মৎস্য খাতের টেকসই উন্নয়নে দূষণমুক্ত জলাশয় ও নদ-নদী এবং নদীর নাব্যতা রক্ষা জরুরি উল্লেখ করে তিনি বলেন, উৎপাদনের পাশাপাশি মৎস্যপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।

Facebook Comments Box

আরও পড়ুন

সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ক্ষতি দেখতে টুভালুতে বিশ্বনেতারা

কপ-৩১: জীবাশ্ম জ্বালানি ছাড়ার চাপের মধ্যে নতুন জলবায়ু উদ্যোগ

তরুণদের মধ্যে বাড়ছে ক্যান্সারের হার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

শ্রীনগরে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১

ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালে নতুন ৩০০ শয্যা প্রস্তুত

শাহজালালে তিন যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

ফতুল্লায় ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি কমাতে ডিএমপির মতবিনিময় সভা

খুলনায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

ডেঙ্গুতে দ্রুত সুস্থ হতে তরল ও পুষ্টিকর খাবারের পরামর্শ