
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ে বরিশালে বিভাগীয় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মৎস্য বিভাগ, ব্যবসায়ী, মৎস্যজীবী, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভা থেকে।
বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সুরক্ষা নিশ্চিত করা মানে আগামী দিনের মৎস্য সম্পদকে নিরাপদ রাখা। প্রজননের সময় মাছ ধরা হলে ভবিষ্যতে ইলিশের সংখ্যা কমে যায়। তাই এ সময়ের সংরক্ষণ কোনো সাময়িক বিধিনিষেধ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি সুচিন্তিত বিনিয়োগ।
তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষা শুধু মৎস্যজীবী বা মৎস্য বিভাগের দায়িত্ব নয়। এর সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী, গণমাধ্যম ও সাধারণ জনগণও যুক্ত। সবার সম্মিলিত অংশগ্রহণই এ উদ্যোগের সাফল্যের চাবিকাঠি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার (অপারেশন্স) কাজী মো. ছোয়াইব এবং বিভাগীয় মৎস্য কর্মকর্তা কামরুল হাসানসহ সংশ্লিষ্টরা।