
চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ মিটার অবৈধ চায়না চাই জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা এবং জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ লঞ্চঘাটের সামনে অভিযান চালায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।
আটক ব্যক্তিরা হলেন বাবু মোল্লা (২০), জয়নাল আবেদীন (১৯) ও আক্কাস সরদার (৫৮)। তাঁদের বাড়ি মতলব উত্তর উপজেলায়।
শুক্রবার সন্ধ্যায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রহুল আমিন অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না চাই ব্যবহার করে মাছ শিকারের প্রস্তুতিকালে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় জালগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।