ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে আতঙ্কে ঢাকার ভবনগুলো, হতাহতের খবর নেই

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ । ১৭৫ জন

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্পের পর পরই বিভিন্ন স্থান থেকে ভবন হেলে পড়া, পলেস্তারার অংশ খসে পড়া ও অগ্নিকাণ্ডের একাধিক খবর এসেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

আরমানিটোলা: ৮ তলা ভবন ধসের খবর, প্রকৃতপক্ষে ক্ষতি হয়নি

আরমানিটোলা কসাইটুলিতে একটি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট সেখানে পৌঁছে। তদন্তে দেখা যায়-ভবনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। শুধু পলেস্তারা ও কিছু ইট খসে পড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

খিলগাঁও: নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে আহত ১

খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দুইতলা বাড়ির ওপর ইট পড়ে একজন ব্যক্তি আহত হন। স্থানীয়দের উদ্যোগেই তাকে সহায়তা করা হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও কোনো উদ্ধার কাজে হস্তক্ষেপ করতে হয়নি।

বারিধারা: আগুনে আতঙ্ক, কারণ নিশ্চিত নয়

বারিধারা ব্লক-এফ, রোড-৫-এর একটি বাসায় আগুন লাগার খবর পাওয়া গেলে বারিধারা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট অগ্নিনির্বাপণ কার্যক্রমে যোগ দেয়। আগুনটি ভূমিকম্পের কারণে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রাপুর: আটতলা ভবন হেলে পড়ার খবর

সূত্রাপুরের স্বামীবাগ এলাকায় একটি আটতলা ভবন পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়ার সংবাদ পাওয়া গেলে সূত্রাপুর স্টেশনের টিম ঘটনাস্থলে যায়। পরিস্থিতি যাচাই করে পরবর্তী তথ্য জানানো হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়: ক্ষতির খবর ভুল প্রমাণিত

মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও স্যাটেলাইট ফায়ার স্টেশনের পরিদর্শনে কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি।

কলাবাগান: সাততলা ভবন হেলে পড়ার আতঙ্ক

কলাবাগানের আবেদখালী রোডে একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে একটি ইউনিট সেখানে যায়। স্থানীয়দের আতঙ্ক থেকেই ফোন করা হয়েছিল। ভবনের কাঠামো ঠিক পাওয়া যায় এবং কোনো হতাহতের তথ্য নেই।

মুন্সীগঞ্জ গজারিয়া: বাসাবাড়িতে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট সেখানে গমন করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।