ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ষষ্ঠ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ণ । ১৩৭ জন

প্রতিবছর শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণের মাত্রা বাড়লেও এবার শীত শুরুর আগেই রাজধানীর বাতাসে দূষণের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ক্রমেই ওপরের দিকে উঠে যাচ্ছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৯৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ছিল ৩৮৪, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের মধ্যে পড়ে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর ২৯৬। তৃতীয় অবস্থানে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভো (২৬৬) এবং চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর, যার স্কোর ২১১।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো বায়ুমান হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর বলা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়ে থাকে। আর ৩০১ থেকে ৪০০ স্কোরের বায়ু ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

পরিবেশবিদরা বলছেন, নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা ও শিল্পকারখানার নির্গমনই ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণ। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্য পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তারা সতর্ক করেছেন।