মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে। তারই ধারাবাহিকতায় সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী ২৩৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী। একিউআইয়ের এই মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
এ সময়ে ৪০৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তৃতীয় স্থানে ২১৭ স্কোর নিয়ে ভারতেরই আরেক শহর কলকাতা, চতুর্থ অবস্থানে ১৯২ স্কোর পেয়ে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং পঞ্চম স্থানে থাকা ইরানের রাজধানী তেহরানের স্কোর ১৮৯।
একিউআই মানদণ্ড অনুযায়ী শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ পরিস্থিতিতে শিশু, প্রবীণ, গর্ভবতী নারী এবং অসুস্থদের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয় এবং সবার জন্য বাইরের কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানানো হয়।
এ ছাড়াও ৩০১ থেকে ৪০০ একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়।
বিশেষজ্ঞদের মতে, শীতের শুরুতে ধুলা, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের অনিয়ম, শিল্পকারখানার নির্গমন ও বাতাসের স্থবিরতা মিলেই ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে।


