ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  • অন্যান্য

পিরোজপুরে জেলেদের চাল বিতরণে জনপ্রতি ১০০ টাকা নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ণ । ১০ জন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা-র জলাবাড়ী ইউনিয়নে জেলেদের জন্য সরকারি বরাদ্দের চাল বিতরণকে ঘিরে জনপ্রতি ১০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৩৩৫ জন জেলের কাছ থেকে মোট ৩৩ হাজার ৫০০ টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, গোডাউন থেকে চাল আনা, পরিবহন ও শ্রমিক খরচের কথা বলে ইউনিয়নের জেলেদের সভাপতি মো. আলম মিয়া এই টাকা সংগ্রহ করেছেন।

জলাবাড়ী ইউনিয়নের জেলে সোহাগ খান অভিযোগ করেন, চাল দেওয়ার কথা বলে তার কাছ থেকেও ১০০ টাকা নেওয়া হয়েছে। তবে তিনি নিজে না গিয়ে ছেলেকে পাঠানোর কারণে তাকে চাল দেওয়া হয়নি, অথচ টাকা নেওয়া হয়েছে।

অন্য জেলে মো. রিয়াজ হোসেন বলেন, গোডাউন থেকে ইউনিয়ন পরিষদে চাল আনতে পরিবহন ও শ্রমিক খরচ লাগে। এছাড়া চাল বিতরণে যারা কাজ করেন তাদের খাবারের খরচসহ অন্যান্য ব্যয় মেটাতেই জনপ্রতি ১০০ টাকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলেদের সভাপতি মো. আলম মিয়া বলেন, চাল গোডাউন থেকে পরিষদে আনতে কিছু খরচ রয়েছে। এসব খরচ মেটাতে জেলে প্রতি ১০০ টাকা করে তুলে পরিষদের সচিবের কাছে দেওয়ার জন্য সম্পাদক তোফাজ্জেলের কাছে দেওয়া হয়েছে।

তবে ইউনিয়ন পরিষদের সচিব মো. দিদারুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তার জানা মতে গোডাউন থেকে চাল আনতে টনপ্রতি প্রায় ৪০০ টাকা খরচ হয়, কিন্তু তিনি কারও কাছ থেকে টাকা নেননি।

চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার বিশ্বজিৎ জানান, জেলে প্রতি ১০০ টাকা নেওয়ার কথা তিনি শুনেছেন। সাধারণত বিভিন্ন ইউনিয়নে চাল আনতে জেলেদের পক্ষ থেকে কিছু টাকা তোলা হয়। এখানে ৩৩৫ জন জেলেকে জনপ্রতি ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, সরকারি চাল বিতরণে কোনো ধরনের টাকা নেওয়ার বিধান নেই। অভিযোগটি খতিয়ে দেখা হবে।