
কার্তিকের কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের আমেজ ছড়াতে শুরু করেছে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে। ধীরে ধীরে কমছে তাপমাত্রা। রোববার (২৫ অক্টোবর) ভোরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনের বেলায় গরম অনুভূত হলেও মধ্যরাতের পর থেকে তাপমাত্রা কমে শীতের আমেজ তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে এখন আর ফ্যান চালানো যাচ্ছে না। মধ্যরাতের পর হালকা কাঁথা কিংবা পাতলা কম্বল গায়ে জড়াতে হচ্ছে। ভোরে কুয়াশা আর ঘাসের ডগায় জমে থাকা শিশির শীতের আগমনী বার্তা দিচ্ছে। উত্তরের হিমেল হাওয়ায় ভোরবেলায় শীতও অনুভূত হচ্ছে বেশি।
কুয়াশাচ্ছন্ন সকালে হালকা গরম কাপড় গায়ে দিয়ে নদীতে কাজে নামছেন পাথরশ্রমিকেরা। শিশিরভেজা চা-পাতা তুলছেন চাশ্রমিকেরা। শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন খেটে খাওয়া মানুষও।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তার কারণে এ অঞ্চলে শীতের আবহ তৈরি হয়েছে। ভোরে কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাচ্ছে। রোববার তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এখন থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কমতে পারে, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে।