ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

নাটোরে মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে সওজের অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ । ৮৯ জন

নাটোর শহরে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। রোববার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে হরিশপুর ও কানাইখালী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ এবং সওজের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সওজের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরাতে দখলদারদের নোটিশ ও মাইকিং করা হয়েছিল। কিন্তু বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা স্থাপনা না সরানোয় সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বড়হরিশপুর মিশন হাসপাতাল এলাকা থেকে বনবেলঘরিয়া বাইপাস পর্যন্ত এবং নাটোর–বগুড়া মহাসড়কের পুলিশ সুপারের কার্যালয় থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত পর্যায়ক্রমে এই অভিযান পরিচালিত হবে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, যারা নিয়মিত এসব এলাকা পর্যবেক্ষণ করবে।

নির্বাহী প্রকৌশলী সতর্ক করে বলেন, ভবিষ্যতে কেউ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা গড়ে তুললে তাদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের ফলে মহাসড়কে যানবাহন ও সাধারণ পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বচ্ছল হবে বলে আশা করা হচ্ছে।