ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ । ১১৩ জন

নড়াইল সদর উপজেলায় কালনা-যশোর মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. নজরুল মুন্সি (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার যশোর-কালনা মহাসড়কের নাকসী মাদরাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পর তিনি মারা যান।

নিহত মো. নজরুল মুন্সি সদর উপজেলার ভওয়াখালি গ্রামের মৃত গনি মুন্সির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে মো. নজরুল মুন্সি মোটরসাইকেলযোগে নাকসী মাদরাসা এলাকা থেকে নড়াইল শহরের দিকে ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর পরামর্শ দেন। পরবর্তীতে খুলনা সিটি মেডিকেলে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।