ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

দেশজুড়ে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ । ৩৯১ জন

দেশের ওপর বর্তমানে মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বুধবার (২৫ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের উপর মৌসুমী বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃষ্টিপাতের পূর্বাভাস, আজ বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়াবিদেরা জানান, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা কিছুটা স্বস্তি আনলেও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকি বাড়াতে পারে।