
ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি। বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কৃষ্ণকলির মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।
তিনি বলেন, “মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।”
২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন কৃষ্ণকলি। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় গাওয়া ‘যাও পাখি বলো তারে’ গানটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। গানটির জন্য চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই গায়িকা।
কৃষ্ণকলি নিয়মিত মৌলিক গান প্রকাশ করছেন। তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বেশ কিছু গান। ‘সূর্যে বাঁধি বাসা’ ছাড়াও তার অ্যালবাম রয়েছে ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ নামে।