ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  • অন্যান্য

চীনের গুইঝৌ প্রদেশে ভয়াবহ বন্যা: মৃত্যু ৬, ঘরছাড়া ৮০ হাজারের বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ । ২৩৩ জন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৮০ হাজারের বেশি মানুষকে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে অঞ্চলটিতে সৃষ্টি হয়েছে নজিরবিহীন জলাবদ্ধতা।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে জানানো হয়েছে, গুইঝৌর রোংজিয়াং কাউন্টিতে মঙ্গলবার (২৪ জুন) থেকে শুরু হয় এই দুর্যোগ। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় স্থানীয় প্রশাসন উচ্চমাত্রার জরুরি বন্যা সতর্কতা জারি করে এবং দ্রুততার সঙ্গে ৮০ হাজার ৯০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

রোংজিয়াংয়ের বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তরের বরাতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) সকাল পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বন্যায় নিচু এলাকা প্লাবিত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অবকাঠামো। বহু মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন।

তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে নদীর পানি সতর্কসীমার নিচে নেমে এসেছে এবং উদ্ধার তৎপরতা ও পুনর্গঠন কার্যক্রম জোরদার করা হয়েছে।

এদিকে, একইদিন সকালে চীনের হাইনান দ্বীপে আঘাত হানে একটি ট্রপিক্যাল ডিপ্রেশন (হালকা ঘূর্ণিঝড়)। চীনের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি দক্ষিণ চীন সাগর অতিক্রম করে দ্বিতীয়বার গুয়াংডং প্রদেশে আঘাত হানতে পারে।

চীনা কর্তৃপক্ষ দুর্যোগপ্রবণ অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে এবং জনগণকে সতর্ক থাকতে বলেছে।