ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

গরমে রোজায় গলা–মুখ শুকিয়ে যাওয়া ঠেকাতে যা করবেন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ । ৫৪ জন

গ্রীষ্মকালে দীর্ঘ সময় রোজা রাখার কারণে অনেকেরই গলা ও মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। প্রচণ্ড গরম, ঘাম ও পানিশূন্যতার কারণে অস্বস্তি বাড়তে পারে। তবে কিছু সহজ ও স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে এ সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন রাজধানীর বারিধারার Farazy Hospital–এর পুষ্টিবিদ নাহিদা আহমেদ।

পুষ্টিবিদের মতে, ইফতার থেকে সাহ্‌রি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি খাওয়ার চেষ্টা করতে হবে। অনেকেই ইফতারে তৃষ্ণার কারণে কার্বোনেটেড বা বাইরের অস্বাস্থ্যকর পানীয় পান করেন। এতে সাময়িক স্বস্তি মিললেও শরীর দীর্ঘ সময় হাইড্রেটেড থাকে না। তাই বিরতি দিয়ে ধীরে ধীরে পর্যাপ্ত পানি পান করাই উত্তম।

খাদ্যতালিকায় পানিপূর্ণ মৌসুমি ফল ও শাকসবজি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তরমুজ, শসা, বাঙ্গি, কমলা ইত্যাদি ফল শরীরের পানির ঘাটতি পূরণে সহায়ক।

রোজা রেখে অযথা রোদে বাইরে না থাকাই ভালো। প্রয়োজনে বাইরে গেলে ছায়াযুক্ত পথে চলাফেরা করা এবং সঙ্গে ছাতা রাখা উচিত। অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা ভারী ব্যায়াম থেকেও বিরত থাকতে হবে।

রমজান মাসে ক্যাফেইন–জাতীয় পানীয়, যেমন চা বা কফি, যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। কারণ এসব পানীয় শরীর থেকে পানি বের করে দেয়। এছাড়া শুকনো খাবার যেমন ক্র্যাকার, টোস্ট বা চিপসের পরিবর্তে নরম ও আর্দ্র খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গরমে ঘামের সঙ্গে শরীর থেকে প্রয়োজনীয় লবণ ও খনিজ বেরিয়ে যায়। এ কারণে ইফতারে কচি ডাবের পানি, লেবু–পানি বা ডিটক্স ওয়াটার পান করা উপকারী।

অতিরিক্ত মসলাযুক্ত, তেলে ভাজা খাবার ও লাল মাংস শরীরকে দ্রুত পানিশূন্য করে তুলতে পারে। একইভাবে অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবারও শরীরে পানির ঘাটতি সৃষ্টি করে। তাই রমজানে এসব খাবার সীমিত রাখাই ভালো।

বিশেষজ্ঞদের মতে, সচেতন খাদ্যাভ্যাস ও সঠিক পানীয় গ্রহণের মাধ্যমে গরমের মধ্যেও সুস্থভাবে রোজা পালন করা সম্ভব।