
খুলনার ফুলতলা উপজেলার জাহানাবাদ সেনানিবাসের সামনে সড়ক দুর্ঘটনায় মো. ফজলুর রহমান (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে শিরোমণি এলাকা থেকে মোটরসাইকেলে নওয়াপাড়ার দিকে যাওয়ার সময় জাহানাবাদ সেনানিবাসের সামনে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ফজলুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফজলুর রহমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অবসরপ্রাপ্ত পরিদর্শক (নিরস্ত্র) ছিলেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বারান্দি ফকিরহাট এলাকার মৃত আবু তালেব খানের ছেলে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।