ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কম গাড়িতে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৬ বিকাল

Link Copied!

ঢাকার যানজট ও দূষণ কমিয়ে বাসযোগ্য নগরী গড়ে তুলতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ এবং সড়কে মানুষের চলাচল ও বিনোদনের সুযোগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদী হাউজিং সোসাইটির একটি সড়কে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মোহাম্মদী হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং মোহাম্মদী হাউজিং সোসাইটির সম্মিলিত উদ্যোগে এ আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ‘কম গাড়ি, বাসযোগ্য নগরী’।

আয়োজনে শিশুদের অংশগ্রহণে বিস্কুট দৌড়, সুই-সুতো দৌড় ও মারবেল দৌড়ের মতো দেশীয় খেলার ব্যবস্থা করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুদের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন করতে পুরো আয়োজনস্থল সাজানো হয় দেশীয় পাখি ও বৃক্ষের ছবি দিয়ে। অনুষ্ঠান শেষে খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকদের মতে, ঢাকা শহরে যানজট ও দূষণের পাশাপাশি পর্যাপ্ত উন্মুক্ত স্থান ও খেলার মাঠের অভাব নগরবাসীর জীবনকে প্রভাবিত করছে। ব্যক্তিগত গাড়ির আধিক্যে সড়কে মানুষের অধিকারও কমে আসছে। কম ব্যস্ত সড়কে দিনের নির্দিষ্ট সময়ে যান চলাচল বন্ধ রেখে শিশুদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ তৈরি করা গেলে সামাজিকীকরণের পরিবেশ গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ব্যস্ত সড়ক ও যান্ত্রিক যানবাহনের আধিক্যের কারণে শিশু-কিশোরদের নিরাপদে বাইরে খেলাধুলার সুযোগ সীমিত। নির্দিষ্ট সময়ে সড়ক সাময়িকভাবে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করা হলে তারা নিরাপদ পরিবেশে খেলাধুলা ও সামাজিকীকরণের সুযোগ পাবে। স্থানীয় বাসিন্দা, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে পরিকল্পিতভাবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হলে কম গাড়িনির্ভর, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ার পথে তা কার্যকর পদক্ষেপ হতে পারে।

বিবৃতিতে জানানো হয়, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বিবেচনায় বর্তমানে বিশ্বের প্রায় ৪ হাজার শহরে প্রতিবছর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালিত হয়। ১৯৭০-এর দশকে জ্বালানি সংকটের সময় ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে। নব্বইয়ের দশকে এ উদ্যোগের আরও প্রসার ঘটে।

বাংলাদেশে ২০০৬ সাল থেকে বেসরকারি সংগঠনের উদ্যোগে দিবসটি ধারাবাহিকভাবে পালিত হচ্ছে। ২০১৬ সাল থেকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সমন্বয়ে সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। এর মধ্য দিয়ে গণপরিবহন উন্নয়ন ও ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে জনমত গড়ে তোলার প্রচেষ্টা বেগবান হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল, বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল ও রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মোহাম্মদী হাউজিং সোসাইটি, মোহাম্মদী ইয়ুথ ক্লাব, কারফ্রি সিটিস অ্যালায়েন্স বাংলাদেশ, আন্তর্জাতিক কারফ্রি সিটিস অ্যালায়েন্স, ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

তিতুমীর-বরেন্দ্র ট্রেন থামানোর দাবিতে মিরজাগঞ্জে মানববন্ধন

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণে প্রস্তুতি জোরদার

স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা

লালমনিরহাটে অবৈধ বিড়ি তৈরির উপকরণ জব্দ

জলবায়ু বাস্তুচ্যুতি পেরিয়ে মুক্তার খামারে নতুন জীবনের স্বপ্ন

‘প্লাস্টিক দূষণ’ কেড়ে নিচ্ছে প্রকৃতির প্রাণশক্তি, হুমকিতে পৃথিবী

কাঁচাপাট রফতানিকারকদের ঋণ পুনঃতফসিলে সময় বাড়ল

সুপার এল নিনোর প্রভাবে বিশ্বে ৪ লাখ ৫১ হাজার মৃত্যুর শঙ্কা