
পাবনার ঈশ্বরদী উপজেলার মুনশিদপুরে বেপরোয়া বাসের চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। দাশুড়িয়া বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে মাঠ পর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হন আনোয়ার হোসেন। পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে বাসের নিচে চাপা পড়েন। পরে বাসটি তাকে অনেক দূর পর্যন্ত টেনে-হেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।