ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আবার বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার!

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ । ২৬ জন

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে নতুন এ মূল্য নির্ধারণ করে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। গত ১ এপ্রিল সকালে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি।

নতুন দরে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে ৩১ মার্চ নির্ধারিত দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে আবারও দাম বেড়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বারই দাম বেড়েছিল।

অন্যদিকে, রুপার দামও বেড়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়, যা আগের চেয়ে ৩৫০ টাকা বেশি। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং কাঁচামালের দামের ঊর্ধ্বগতির কারণেই স্বর্ণ ও রুপার দাম বাড়ছে।