ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজ থেকে নতুন নিয়মে চলবে সব অফিস

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৫, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ । ২৫ জন

দেশের সকল সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন এই নির্দেশনা অনুযায়ী, আজ ৫ এপ্রিল ২০২৬ (রোববার) থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি বহাল থাকবে।

শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের জানানো হয়, সাধারণ অফিস সময়: রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস চলবে।

সাপ্তাহিক ছুটি: আগের মতোই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে।

জরুরি সেবা: জরুরি পরিষেবাসমূহ এই নতুন সময়সূচির আওতার বাইরে থাকবে। অর্থাৎ, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব রুটিন অনুযায়ী চলবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান: ব্যাংকের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংকিং লেনদেনের সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদালত: আদালতের সময়সূচি নির্ধারণের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

শিল্প-কারখানা: বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এই প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে। আজ থেকেই এই নতুন সময়সূচি কার্যকর হচ্ছে।