সড়ক নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ‘রোড ক্র্যাশের তথ্য সংগ্রহ, সংশোধন ও পরিশোধন প্রক্রিকার মানোন্নয়ন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিসের সহায়তায় কর্মশালাটি আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬:) নগরীর দামপাড়ায় সিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
সিএমপির রোড সেফটি সেলের সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মশালাটি উদ্বোধন করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ওয়াহিদুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, আজকের কর্মশালা পুলিশ সদস্যদের নির্ভুলভাবে রোড ক্র্যাশের তথ্য সংগ্রহ ও রিপোর্ট করতে সহায়ক হবে। এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালাতে বিআইজিআরএস চট্টগ্রামের সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর ও বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাক কাজী সাইফুন নেওয়াজ রোড ক্র্যাশের তথ্য সংগ্রহ, অ্যাকসিডেন্ট রিপোর্ট ফর্ম (এআরএফ) সঠিকভাবে পূরণ, তথ্য সংশোধন ও পরিশোধন বিষয়ে সেশন পরিচালনা করেন।
এসময় তিনি এআরএফ-এর তথ্য কাগজ-কলমে ও অনলাইনে লিপিবদ্ধ করার পদ্ধতি নিয়ে একটি সেশন পরিচালনা করেন। এরপর লিপিবদ্ধ তথ্যের সঠিকতা যাচাই ও সংশোধন বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করেন। কর্মশালার শেষ সেশনে এআরএফ ফরম পূরণের সময় হওয়া সাধারণ ভুলগুলো দেখানো হয়। এজন্য সিএমপির বিভিন্ন থানায় পূর্বে পূরণকৃত ফরম তুলে ধরা হয়। ব্যবহারিক অনুশীলনের অংশ হিসেবে পুলিশ সদস্যরা সেসব ফরমে ভুল খুঁজে বের করেন ও তা সংশোধন করেন।
কর্মশালায় সিএমপির রোড সেফটি সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার নুরুল ইসলাম সিদ্দিকসহ পুলিশ পরিদর্শক, সহকারী পুলিশ পরিদর্শক, সার্জেন্ট ও ১৬টি থানার অপারেটরগণ অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন।


