
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৯ জন।
রোববার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে।
একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন আক্রান্ত হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৮ জনে।
এর আগে শনিবার (৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়। ওই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬০৮ জন।
ফলে এক দিনের ব্যবধানে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৪৮১ জন বেড়েছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে।