
কাঁচাপাট রফতানিকারকদের খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ নিতে আবেদনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন রফতানিকারকরা। এ ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ ভিত্তিক শ্রেণিকৃত ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, কাঁচাপাট রফতানিকারকদের বিদ্যমান সমস্যা সমাধানে দেওয়া সুবিধার আওতায় ঋণ বা বিনিয়োগ হিসাব পুনঃতফসিলের জন্য ৩১ ডিসেম্বর ২০২৫ ভিত্তিক শ্রেণিকৃত ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে আবেদন করার সময়সীমা আগে ৩০ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
তবে কাঁচাপাট রফতানিজনিত বিভিন্ন জটিলতার কারণে অনেক গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে ডাউন পেমেন্টসহ অন্যান্য শর্ত পূরণ করে পুনঃতফসিল সুবিধার জন্য আবেদন করতে পারেননি বলে বাংলাদেশ ব্যাংককে জানানো হয়।
এ পরিস্থিতিতে নতুন নির্দেশনায় কাঁচাপাট রফতানিকারকদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিরূপমানে শ্রেণিকৃত-এসএস, ডিএফ ও বিএল-ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে পুনঃতফসিল সুবিধার জন্য ব্যাংকে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সার্কুলারের আওতায় করা সব আবেদন প্রয়োজনীয় ডাউন পেমেন্ট গ্রহণের পর আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে নিষ্পত্তি করতে হবে।
তবে কাঁচাপাট রফতানিকারকদের জন্য আগের সার্কুলারে উল্লেখ করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা নতুন সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে।