
সারাদেশে স্বাস্থ্য অধিদফতরের অধীনে কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়োজিত কর্মচারীদের ঝুঁকিভাতা ৯০০ টাকা পুনর্নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। পুনর্নির্ধারিত এ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
গত ১৭ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের (প্রবিধি-৩ শাখা) যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সংশ্লিষ্ট সুবিধাপ্রাপ্ত কর্মী, ২৭৫টি উপজেলায় কর্মরত এলসিএও-টিএলসিএ (গ্রেড-১৬) এবং ৩১টি জেলার সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত প্রোগ্রাম অর্গানাইজাররা (গ্রেড-১৪) নতুন এ ঝুঁকিভাতা পাবেন।
তবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব কর্মচারী অর্থ বিভাগের ২০২০ সালের ২৩ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমান হারে ঝুঁকিভাতা পাবেন।
অর্থাৎ ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ৯০০ টাকা হারে পুনর্নির্ধারিত ঝুঁকিভাতা কার্যকর হবে। এর আগ পর্যন্ত বর্তমান হারের ভাতাই বহাল থাকবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।