
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬২৭ জনে।
বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৫৫ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪২৮ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৭ জন রয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগে ২৮১ জন, খুলনা বিভাগে ২৭১ জন, বরিশালে ২১৭ জন, চট্টগ্রামে ৩১৪ জন, ময়মনসিংহে ৪৩ জন, রংপুরে ৪১ জন, সিলেটে ৯ জন এবং রাজশাহীতে ১৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।