তরুণ প্রজন্মকে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি রূপান্তর এবং পরিবেশবান্ধব উন্নয়ন ভাবনায় দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, দেশের বর্তমান জ্বালানি ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের শুধু পাঠ্যবইনির্ভর জ্ঞান নয়, বরং বাস্তবসম্মত ও প্রায়োগিক জ্ঞান অর্জন জরুরি। জ্বালানি খাতে টেকসই পরিবর্তন আনতে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণাভিত্তিক চিন্তা এবং বহুমাত্রিক জ্ঞান থাকা প্রয়োজন।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে শুরু হওয়া দুইদিনব্যাপী সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন)-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। তিনি জানান, ২০০৭-০৮ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর মোট লোকসান দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৬৭ হাজার ৭৮৪ কোটি টাকা। এর মধ্যে সরকার ভর্তুকি দিয়েছে প্রায় ১ লাখ ৭৭ হাজার ৩৮৭ কোটি টাকা। ভর্তুকির পরও নিট লোকসান প্রায় ৯০ হাজার ৩৯৭ কোটি টাকা, যা জ্বালানি খাতে টেকসই রূপান্তরের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে।
বিশেষ অতিথিরা বলেন, পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়তে নবায়নযোগ্য জ্বালানিতে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এখন সময়ের দাবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের জন্য শুধু প্রতিযোগিতা নয়, বরং জ্ঞান, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
আয়োজকরা জানান, ২০২৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে ১৫০টির বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪,৯০০ শিক্ষার্থী অংশ নেয়। ধারাবাহিকতায় এবারের ২০২৬ সংস্করণে দেশের ১৪৭টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
তিন ধাপের বাছাই শেষে সেরা ৫০ জন প্রতিযোগী নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে চূড়ান্ত পর্ব। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে ৩০টিরও বেশি সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সহ-আয়োজক হিসেবে যুক্ত রয়েছে।


