ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

৪৮ বিলিয়নের রেকর্ডের পথে কি আবার বাংলাদেশ?

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ । ৩৫ জন

ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায়ের প্রাক্কালে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলারে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দিন শেষে দেশের মোট রিজার্ভ প্রায় ৩৪.৫৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, রিজার্ভ বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। ডিসেম্বরের ধারাবাহিকতায় জানুয়ারিতেও প্রবাসীরা ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে মোট ৩.১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রয়েছে। মাসটির প্রথম ১৬ দিনে ১৮০ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ১.৮০৭ বিলিয়ন ডলার দেশে এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ২২ হাজার ৪৫ কোটি ৪০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ কোটি ৭০ লাখ ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৪০ কোটি ডলার।

এর আগে ৯ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার (বিপিএম-৬ অনুযায়ী ২৯.৪৮ বিলিয়ন), ২ ফেব্রুয়ারি ছিল ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার (বিপিএম-৬ অনুযায়ী ২৮.৭৫ বিলিয়ন)। ১৫ জানুয়ারি রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং ৮ জানুয়ারি ছিল ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। তবে আকুর দায় পরিশোধের পর কিছুটা কমেছিল।

উল্লেখ্য, দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার, যা ২০২১ সালের আগস্টে অর্জিত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে রিজার্ভ কমে গিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের সময় তা নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

দায়িত্ব গ্রহণের পর নতুন গভর্নর এখন পর্যন্ত রিজার্ভ থেকে এক ডলারও বিক্রি করেননি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ডলারের বিনিময় হার ১২২ টাকার আশপাশে স্থিতিশীল রয়েছে। আমদানিতে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি থাকলেও বর্তমানে বাজারে ডলার সংকট নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।