ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  • অন্যান্য

৩ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ । ১১ জন

মৌলভীবাজারের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস-এর ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলা-র শমশেরনগর এলাকার আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

শমশেরনগর সহকারী স্টেশন মাস্টার সাগর সিংহ জানান, সিলেট থেকে বিকল্প একটি ইঞ্জিন পাঠানো হলে সেটি এসে ট্রেনটিকে শমশেরনগর স্টেশনে নিয়ে আসে এবং এরপরই রেল চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনের যাত্রী এম এ আহাদ বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ ট্রেনটি থামিয়ে দেওয়া হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

তিনি আরও জানান, ইঞ্জিনের চাকা জ্যাম হয়ে রেলের সঙ্গে ঘর্ষণের ফলে আগুনের স্ফুলিঙ্গ দেখা দিলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, সিলেট থেকে ৩০১০ সিরিজের একটি বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটিকে সামনে এগিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেনি।

ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্বল্প সময়ের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে যাত্রীদের মধ্যে।