ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

হিমেল বাতাস ও কুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়া কাঁপছে শীতে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ । ৯৬ জন

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৮.০ ডিগ্রি সেলসিয়াস, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল বাতাস এবং হালকা কুয়াশার কারণে তাপমাত্রা কম এবং শীতের তীব্রতা বেড়েছে। সামনের দিনে তাপমাত্রা আরও কমে যেতে পারে।

সকালে জেলার বিভিন্ন এলাকায় মানুষ জরুরি প্রয়োজন ছাড়া খুব বেশি বাইরে বের হননি। চায়ের দোকান ও বিভিন্ন মোড়ে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন শীতার্ত মানুষ। হাসপাতালগুলোতেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এ শীতে সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছে।

জেলার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঘন কুয়াশা এবং হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, মাঘের শীতের এই তীব্রতায় সাধারণ মানুষ নাকাল হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ।

জিতেন্দ্র নাথ রায় বলেন, “পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় শীতের তীব্রতা এখানে তুলনামূলকভাবে বেশি। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।”