হঠাৎ করে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন করে হাম আক্রান্ত রোগীদের ভর্তি করা হচ্ছে। এরই মধ্যে অন্তত ১০টি জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে।
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ পর্যন্ত এই হাসপাতালে ২২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশে শুধুমাত্র মার্চ মাসেই কমপক্ষে ২১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সংক্রামক ব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল সোমবার (৩০ মার্চ) ২২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ছয় শতাধিক হাম রোগী চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে ২২ জন শিশু মারা গেছে।
তিনি আরও বলেন, শুধু মার্চ মাসেই পাঁচ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং বর্তমানে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসক ডা. শ্রীবাস পাল জানান, নিয়মিত টিকা না পাওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। তিনি বলেন, “কোভিড-১৯ সময়ের মতো স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগ প্রতিরোধ সম্ভব।”
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা প্রতিরোধে সময়মতো টিকাদান ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। অন্যথায় রোগটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং প্রাণহানির ঝুঁকি বাড়াতে পারে।
দেশজুড়ে হামের এই প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।


