ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

শব্দদূষণ রোধে রাজধানীতে ‘হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা’

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ । ১১০ জন

শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় রাজধানী ঢাকায় ‘হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গ্রীন ভয়েসের যৌথ উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়। পরে এটি ফার্মগেট, কারওয়ান বাজার ও সার্ক ফোয়ারা প্রদক্ষিণ করে বিজয় স্মরণী হয়ে বিমান সিগনাল অতিক্রম করে পরিবেশ অধিদপ্তর, আগারগাঁওয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ।

এছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিএমপির সিনিয়র কর্মকর্তারা এবং গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমন, শাকিল কবির ও ফাহমিদা নাজনীন শোভাযাত্রায় অংশ নেন।

অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ একযোগে কাজ করলে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে তাৎক্ষণিক জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। এ বিধিমালা কার্যকরভাবে প্রয়োগ করা গেলে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান বলেন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্নের আমদানি বন্ধে পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, নতুন বিধিমালার আলোকে ডিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিতভাবে শব্দদূষণের বিরুদ্ধে জরিমানা কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

শোভাযাত্রায় পুলিশের সুসজ্জিত মোটরবাইক, পিকআপ ভ্যান ও পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন যানবাহন অংশ নেয়। এ সময় সড়কের দু’পাশে অবস্থানরত সাধারণ মানুষ করতালির মাধ্যমে এ উদ্যোগকে স্বাগত জানান।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে টানা ১০ দিনব্যাপী মোবাইল কোর্ট ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। আজকের মোটর শোভাযাত্রার মাধ্যমে সেই কার্যক্রমের সমাপ্তি ঘটে। এ কার্যক্রমে গ্রীন ভয়েসের বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।