ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

লঘুচাপের প্রভাবেও বৃষ্টির সম্ভাবনা নেই দেশে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ । ১০৫ জন

বঙ্গোপসাগরে লঘুচাপ বিরাজ করলেও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গতকালের লঘুচাপটি একই এলাকায় রয়েছে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

তিনি জানান, আজ রোববার আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামীকাল সোমবারের (১৭ নভেম্বর) পূর্বাভাসেও একই চিত্র দেখা গেছে। দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। রাত ও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই।

মঙ্গলবারের (১৮ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে আবহাওয়া শুষ্কই থাকবে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সেদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবারের (২০ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।