ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  • অন্যান্য

রেমিট্যান্স আয়ের রেকর্ড, ২৮ দিনেই এল ৩.৩৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩০, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ । ৩৫ জন

দেশে চলতি মার্চ মাসের প্রথম ২৮ দিনেই রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি মাসে ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ বেড়েছে, যার ফলে এই রেকর্ড তৈরি হয়েছে।

এর আগে গত বছরের মার্চ মাসে দেশে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এতদিন একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত ছিল। চলতি মার্চ মাসেই সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে প্রবাসী আয়।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৮০ শতাংশ বেশি।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা একটি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, উৎসবকেন্দ্রিক বাড়তি অর্থপ্রবাহ, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ এবং প্রবাসীদের সচেতনতার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।