ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

রমজান উপলক্ষে ৫০% কম লাভে পণ্য বিক্রির ঘোষণা করলেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ । ৫৯ জন

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর কারওয়ানবাজারের ব্যবসায়ীরা তাদের পাইকারি নিত্যপণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। তারা জানান, এবার ৫০ শতাংশ কম লাভে মাংস, চাল, ডাল, তেল, খেজুর, লেবু এবং শরবতের জন্য ব্যবহৃত ট্যাংকসহ বিভিন্ন পণ্য বিক্রি করবেন।

সোমবার দুপুরে কারওয়ানবাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কারওয়ানবাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন জানান, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি হবে, যা আগে বিক্রি হতো ৭৮০ টাকায়। চালের দাম এক টাকা, তেলের দাম দুই টাকা কমিয়ে পাইকারি দরে বিক্রি করা হবে।

লেবু ব্যবসায়ীদের পক্ষে সুজন জানান, উৎপাদনস্থল থেকে প্রতিটি লেবু ১১ টাকায় কিনে ঢাকায় আনা হয়, এবং সাধারণত দুই থেকে তিন টাকার লাভে বিক্রি করা হয়। রমজানে তারা প্রতিটি লেবুতে দুই টাকা কমিয়ে মাত্র এক টাকার লাভে বিক্রি করবেন। এর ফলে ক্রেতারা পাইকারি দরে প্রতি লেবু ২ টাকা কমে পাবেন।

ছোলা, যা কিনতে ৮০ টাকা পড়েছে, তা রমজান উপলক্ষে পাইকারি ৮৩ টাকায় বিক্রি হবে। শরবতের ট্যাংক, যা আগে এক হাজার ৫৮০ টাকায় বিক্রি হতো, এবার এক হাজার ৫৬০ টাকায় পাওয়া যাবে। এছাড়া সয়াবিন তেল প্রতি পাঁচ লিটার ৯৪৫ টাকা কেনা হলেও পাঁচ টাকা ছাড়ে বিক্রি করা হবে।

ব্যবসায়ীরা জানান, দাম কমানোর এই উদ্যোগের প্রভাব খুচরা বাজারেও পড়বে এবং ক্রেতারা সহজে পণ্য কিনতে পারবেন। তারা আশা করছেন, রমজানে ক্রেতাদের জন্য এটি সাশ্রয়ী ও সহায়ক হবে।