ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

রঙের ছোঁয়ায় ফুটে উঠছে বৈশাখ, সাজছে উৎসবের মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ । ৯ জন

বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়া। উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনের লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে শহরের বিভিন্ন স্থানে রঙ-তুলির আঁচড়ে সাজানো হচ্ছে মঞ্চ ও আয়োজনস্থল। জেলা প্রশাসন, সাহিত্য অ্যাকাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফারুকী পার্ক চত্বরে গিয়ে শেষ হবে।

এছাড়া সেখানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠিখেলা, সাপ খেলা, পুতুল নাচ এবং মোরগ লড়াইসহ গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন থাকবে। একই সঙ্গে মেলার আয়োজনও করা হয়েছে, যেখানে স্থানীয় সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে।

অন্যদিকে সাহিত্য অ্যাকাডেমির উদ্যোগে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, নববর্ষ উদযাপনে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপনের প্রত্যাশা করছেন তারা।