ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধের পর প্রথমবার দেশে এলো ২৭ হাজার টন অকটেনের জাহাজ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ । ২৭ জন

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী অয়েল ট্যাংকার এমটি সেন্ট্রাল স্টার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙর করার কথা রয়েছে। সেখানে জ্বালানি তেল খালাস করা হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, “এমটি সেন্ট্রাল স্টার ইতোমধ্যে বন্দরের আউটার এলাকায় অবস্থান করছে। জাহাজে থাকা ২৬ হাজার টন অকটেন ডলফিন জেটিতে খালাস করা হবে।”

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাস নিয়ে মোট ৩৩টি জাহাজ ভিড়েছে। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আসে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু জাহাজের তেল ও গ্যাস খালাস সম্পন্ন হয়েছে এবং আরও জাহাজ পাইপলাইনে রয়েছে।