মাগুরায় সৌদি আরব থেকে আগত ৯২ কার্টন খেজুর বিতরণের কার্যক্রম বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হয়েছে। বিতরণের জন্য জেলা দুর্যোগ ও ত্রাণ অফিসে বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষকরা উপস্থিত হন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র থেকে খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়। জেলার বিভিন্ন উপজেলায় বরাদ্দ করা খেজুরের পরিমাণ:
মাগুরা সদর উপজেলা: ৩০ কার্টন
শ্রীপুর উপজেলা: ২০ কার্টন
শালিখা উপজেলা: ২০ কার্টন
মহম্মদপুর উপজেলা: ২২ কার্টন
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ নিজ হাতে খেজুর বিতরণ করেন। এছাড়া সদর ইউএনও মেহেরুন্নাহার, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের অফিসার এটিএম বেনজীর রহমান এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, খেজুর আসতে কিছুটা বিলম্ব হলেও, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের প্রজ্ঞাপনের চিঠি পাওয়ার পরেই বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও অসহায়দের তালিকা তৈরি করা হয়েছিল। খেজুর এসে পৌঁছানোর পর তা দ্রুত ও সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।


