
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ৪০ হাজার টন ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৪৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় কৃষি মন্ত্রণালয় সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিএপি সার আমদানির প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাব অনুযায়ী, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে প্রতি টন ৮৬৬ মার্কিন ডলার দরে ৪০ হাজার টন ডিএপি সার সংগ্রহ করা হবে।
এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২৭ কোটি ৮১ লাখ টাকা। সভা সূত্রে জানা যায়, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে।
দেশের কৃষি খাতে সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত রাখতে এ সার আমদানি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।