ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  • অন্যান্য

মধ্যপ্রাচ্যের উত্তেজনা: ছয় রুটে বিমানের ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ । ৩৯ জন

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যগামী ছয়টি রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মামগামী সব ফ্লাইট বন্ধ থাকবে।

তবে উল্লেখিত ছয়টি গন্তব্য ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য রুট—জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাটে ফ্লাইট যথারীতি পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।

স্থগিত রুটগুলোর জন্য যেসব যাত্রী ইতোমধ্যে টিকিট কেটেছেন, তারা অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই টিকিট ফেরত নিতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। দেশে বা বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি থেকে এ সুবিধা গ্রহণ করা যাবে।

ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য যাত্রীদের বিমানের কলসেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে—অভ্যন্তরীণ: ১৩৬৩৬ এবং আন্তর্জাতিক: +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬।

যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে উল্লেখ করে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে হালনাগাদ তথ্য দ্রুত জানানো হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।